আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আছে সংযুক্ত আরব আমিরাতে। আগামীকাল সোমবার সিরিজের তৃতীয় ম্যাচ। সিরিজে ১-১ সমতা থাকায় তৃতীয়টি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী।
এই সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। মোস্তাফিজুর রহমান টেস্ট ম্যাচ খেলেন না, ফলে টেস্ট সিরিজে তাকে নিয়ে প্রশ্ন নেই।
এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আছে ওয়ানডে ও টি-টোয়েন্টিও। উইন্ডিজ সিরিজে বাকি দুই ফরম্যাটে মোস্তাফিজুর রহমান ছুটি চেয়েছেন এমন খবর দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি চেয়েছেন ফিজ এমনটি জানা গেছে। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। মোস্তাফিজ ২০১৯ সালের মার্চে তার মামাতো বোনকে বিয়ে করেন।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, 'এটা সত্যি যে মোস্তাফিজ ছুটি চেয়েছেন। তবে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। যেহেতু হাতে সময় আছে। সে (আফগানিস্তান সিরিজ) ফিরে আসলে এই বিষয়ে আমরা কথা বলবো। যে তিনি এক ফরম্যাটে খেলবেন কিনা।'
ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু ২২ নভেম্বর থেকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুর হবে হবে ৮ ডিসেম্বর থেকে। আর ১৫ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ । সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর।