রাস্তার পাশে পড়ে ছিল ১০ হাতব্যাগ, অতঃপর…

শরীয়তপুরের ডামুড্যাতে একটি সড়কের পাশে ১০টি হাতব্যাগে ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। ব্যাগের মধ্যে সাদা, কালো ও লাল রঙের ককটেল রয়েছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

পুলিশ জানায়, আজ সোমবার সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় রাস্তার ধারে ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ্য বস্তু বের হয়ে থাকলে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আর ককটেল শনাক্তে ও উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী দল। ঘটনাস্থলে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

ধানকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মাওলা রতন বলেন, গ্রাম পুলিশের সদস্যরা আমাকে কল দিয়ে জানায় উত্তর আকালবরিশ এলাকায় বোমাসহ ব্যাগ পাওয়া গেছে। আমি ঘটনাস্থলে যাই, গিয়ে দেখি ব্যাগে ককটেল রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি আতঙ্কের। তাই ডামুড্যা থানা পুলিশকে বিষয়টি জানাই।

তিনি বলেন, মাদারীপুর জেলার বাঁশগাড়ি ইউনিয়ন এবং শরীয়তপুর ধানকাঠি ইউনিয়ন দুই জেলার সীমানা। গতরাতে বাঁশগাড়ি ইউনিয়নে প্রচুর পরিমাণে বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। মাদারীপুর জেলার পুলিশ আমাদের ধারণা দিয়েছে, একটি পক্ষ আমাদের ইউনিয়নে ঢুকেছে সকাল হওয়ায় তারা বোমার ব্যাগগুলো রেখে চলে গেছে প্রশাসনের ভয়ে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, উত্তর আকালবরিশ এলাকায় ১০টি হাত ব্যাগে ককটেল সদৃশ বস্তু দেখা গেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। কে বা কারা ব্যাগগুলো রেখে গেছে এ বিষয় নিয়ে তদন্ত চলছে। নিষ্ক্রিয়কারী দল ১০টি হাত ব্যাগে ককটেল সদৃশ বস্তু উদ্ধারে কাজ করবে।