অপ্রতিরোধ্য ছন্দে ছুটছে আতলেতিকো মাদ্রিদ। রবিবার লা লিগায় উত্তেজনাপূর্ণ এক ম্যাচে পিছিয়ে পড়েও সেভিয়াকে ৪-৩ গোলে হারিয়ে দুর্দান্ত জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ডিয়েগো সিমিওনের দল। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবমবার বিজয়ী হলো তারা।
লা লিগায় আতলেতিকো জিতেছে টানা পাঁচ ম্যাচ। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে’তে দুটি করে ম্যাচ জিতে নজরকাড়া ফর্মে রয়েছে তারা। এমন ধারাবাহিকতার পেছনে দলীয় প্রচেষ্টার প্রশংসা করেছেন কোচ সিমিওনে। ‘আমাদের দল দারুণ ছুটছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং কঠোর পরিশ্রমের ফল,’ বলেন তিনি।
ম্যাচের শুরুটা দারুণ ছিল আতলেতিকোর জন্য। দশম মিনিটে রদ্রিগো দি পল দলের হয়ে প্রথম গোলটি করেন। তবে এরপর ম্যাচে ফিরে আসে সেভিয়া। ১২ মিনিটে দোদি লুকেবাকিও, ৩২ মিনিটে সান্তি রোমেরো এবং ৫৭ মিনিটে নেমানজা গুডেলজের গোলের সুবাদে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সেভিয়া।
অন্যদিকে, প্রথমার্ধে আন্তোয়ান গ্রিজমানের শট পোস্টে লেগে ফিরে আসায় হতাশ হতে হয় আতলেতিকোকে।
তবে দ্বিতীয়ার্ধে অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লেখে আতলেতিকো। ৬২ এবং ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে জোড়া গোল করেন গ্রিজমান। মাঝে ৭৯ মিনিটে স্যামুয়েল লিনো দলের হয়ে তৃতীয় গোলটি করেন।
এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লা লিগার তৃতীয় স্থানে রয়েছে আতলেতিকো। ১৭ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৩৮ এবং ১৬ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬। লা লিগার শীর্ষে এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে তিন দলের মধ্যে।
আতলেতিকোর এই জয়ের ধারাবাহিকতা কি তাদের শিরোপার পথে এগিয়ে দেবে, তা সময়ই বলে দেবে। তবে এমন প্রত্যাবর্তন তাদের আত্মবিশ্বাস যে তুঙ্গে নিয়ে যাবে, তা নিশ্চিত।