ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে অক্টোবরে সুইডেন সফরের সময় তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগে গভীর বিস্ময় প্রকাশ করেছেন। সুইডেনের সংবাদমাধ্যম আফতোব্লাদেত ও এক্সপ্রেসেন-এর প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এমবাপ্পের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে এমবাপ্পে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।
ফরাসি টেলিভিশন চ্যানেল ক্যানাল প্লাস-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অভিযোগটি শুনে আমি বিস্মিত হয়েছিলাম। এ নিয়ে আমি কোনো নোটিশ পাইনি বা কোনো ধরনের আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। এটি একটি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়।’
সুইডেনের সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি বলে জানান এমবাপ্পে।
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এমবাপ্পে এখন স্পেনের সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিচ্ছেন। ফ্রান্সের টেলিভিশন এখন কম দেখলেও ফরাসি জাতীয় দলের প্রতি তার নিবেদন অটুট রয়েছে।
জাতীয় দলের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘জাতীয় দলের প্রতি আমার ভালোবাসা কখনও কমবে না। অনেক কিছু ঘটেছে, তবে ফ্রান্স দল সবসময় আমার কাছে গুরুত্বপূর্ণ।’
কোচ দিদিয়ের দেশমের সঙ্গে তার সাম্প্রতিক কথোপকথনও উঠে আসে সাক্ষাৎকারে। সেপ্টেম্বরে কোচের সঙ্গে আলোচনায় দলে না থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। এরপর ইনজুরির কারণে অক্টোবরে বাইরে থাকতে হয়, আর নভেম্বরে কোচের সিদ্ধান্ত মেনে দল থেকে বাদ পড়েন তিনি।
২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই তারকা এবার চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নে বিভোর। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ জিততেই আমি বিশ্বের সেরা ক্লাবে এসেছি। এছাড়া ইউরো জয় এবং একদিন অলিম্পিকে খেলার স্বপ্নও রয়েছে আমার।’
ব্যালন ডি’অর জয় নিয়েও তিনি আত্মবিশ্বাসী। এমবাপ্পে বলেন, ‘এটি জেতার জন্য কী করতে হবে তা আমি জানি। মাঠ এবং মাঠের বাইরে অনেক কিছু করতে হয়। একদিন আমি এটি জিতব।’
ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা হিসেবে এমবাপ্পে নিজের জায়গা আরও শক্ত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন।
মিডল অর্ডারদের ব্যর্থতায় বাংলাদেশ থামল ১২৩ রানে
ছক্কার ডাবল সেঞ্চুরি মাহমুদউল্লাহর
রুদ্ধশ্বাস ম্যাচে নাটকীয় জয় চেলসির, আর্সেনালের হোঁচট