চলন্ত মোটরসাইকেলে অবিশ্বাস্য ক্যাচ ধরে ভাইরাল পাকিস্তানি পেলেন পুরস্কারও

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম
চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে উড়ন্ত ক্রিকেট বল লুফে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন এক তরুণ। মুহূর্তেই বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের বিস্ময়ে পরিণত হওয়া অবিশ্বাস্য সেই ক্যাচ ধরা যুবকের পরিচয় অবশেষে পাওয়া গেছে। তাঁর নাম মেহরান খান, বাড়ি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকার মারঘাজারে।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের মিনগোরায় অনুষ্ঠিত ‘সোয়াত প্রিমিয়ার লিগ’-এর একটি ম্যাচে। সোয়াত স্ট্রাইকার্স এবং জিকেআর দির-এর মধ্যকার ওই ম্যাচে ব্যাটার আবরার লালা একটি বিশাল ছক্কা হাঁকালে বলটি মাঠের সীমানা পেরিয়ে পাশের রাস্তায় চলে যায়। ঠিক সেই মুহূর্তে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে (পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট) কাজ শেষে বন্ধুর মোটরসাইকেলের পেছনে চড়ে বাড়ি ফিরছিলেন মেহরান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই রোমাঞ্চকর মুহূর্তের বর্ণনা দিয়ে মেহরান বলেন, “আমি নিজেও ক্রিকেট খেলি এবং খেলা দেখতে খুব ভালোবাসি। আমি দেখলাম ক্রিজে আবরার লালা ব্যাট করছেন এবং তিনি একটি ছক্কা মারলেন। বলটি আমাদের দিকে আসতে দেখে আমি মোটরসাইকেল চালানো বন্ধুকে বললাম—মাথা নিচু কর, আমি ক্যাচটা ধরব। এরপর হাত বাড়িয়ে ক্যাচটি ধরে ফেলি।”

 

 
সত্যিই ক্যাচটি ধরতে পারবেন, তা নিজেও ভাবেননি মেহরান। তিনি বলেন, “আমি চেষ্টা করেছিলাম ঠিকই, কিন্তু ধরতে পারব তা আশা করিনি। ভেবেছিলাম বলটি আশপাশে কোথাও পড়বে, কিন্তু আল্লাহর রহমতে আমি সেটি ধরতে সক্ষম হই।”

মেহরানের এই অবিশ্বাস্য ক্যাচ ধরার পরপরই সোয়াত প্রিমিয়ার লিগের আয়োজকেরা পাকিস্তান সেনাবাহিনীর অর্থায়নে তাঁকে ১০ হাজার পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করে। রাতারাতি ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ায় বেশ অবাকই হয়েছেন মেহরান। তিনি জানান, ভিডিওটি যে এভাবে ছড়িয়ে পড়েছে, তা তিনি জানতেনই না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মজা করে বলছিলেন, ক্যাচ ধরে বলটি নিয়েই চলে গেছেন মেহরান। তবে বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন, “মানুষ বলছে আমি বলটি নিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু তা সত্যি নয়। ক্যাচ ধরার পর আমি বলটি মাঠে ফেরত দিয়েছি।”

উল্লেখ্য, ম্যাচটিতে জিকেআর দির-কে ৩৪ রানে হারায় সোয়াত স্ট্রাইকার্স। চমৎকার এই টুর্নামেন্টটি প্রতি বছর আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানিয়েছেন মেহরান।

ক্রিকেট ইতিহাসে দর্শকদের এমন অদ্ভুত ও রোমাঞ্চকর ক্যাচের নজির আগেও দেখা গেছে। ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ায় এক ম্যাচে ইংল্যান্ডের ইয়ান বোথামের ছক্কা মুখে সিগারেট রাখা অবস্থায় এক হাতে লুফে নিয়েছিলেন এক ক্যামেরাম্যান। ২০১৪ সালে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে গ্যালারির ঢাল বেয়ে পিছলে নামতে নামতে এক হাতে ক্যাচ নিয়েছিলেন এক দর্শক। এ ছাড়া গত বছর অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে এক হাতে দুটি পানীয়ের ক্যান ধরে রেখে অন্য হাতে দারুণ এক ক্যাচ নিয়ে আলোচনায় এসেছিলেন আরেক ভক্ত। এবার চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে সেই ইতিহাসের পাতায় নাম লেখালেন মেহরান খান।
সর্বশেষ সর্বাধিক পঠিত