অ্যাডিলেড টেস্টে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি করেছিলেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ ও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভিস হেড। এই দুই তারকার বিরুদ্ধে আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। যে কারণে দুই তারকা ক্রিকেটারেরই শাস্তি হতে পারে।
কোড স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, সিরাজ ও হেডকে জরিমানা এবং কঠোর সতর্কবার্তা দেওয়া হতে পারে। তবে তাদের কেউই ম্যাচ থেকে নিষিদ্ধ হবেন না বলে জানা গেছে।
অ্যাডিলেড টেস্টে সিরাজ ও হেডের মধ্যে বাকবিতন্ডার সেই মুহূর্তকে ধারাভাষ্যকাররা ‘সবচেয়ে উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতা’ বলে উল্লেখ করেছিলেন। সিরাজকে অ্যাডিলেডের দর্শকরা দুয়ো-ধ্বনি দিয়ে বিদ্রূপ করেছিলেন, যেখানে ধারাভাষ্যকার কেরি ও’কিফ তাকে ‘ভিলেন’ হিসেবেও আখ্যা দেন।
ঘটনার সূত্রপাত হয় যখন দ্বিতীয় দিনের খেলায় ট্রাভিস হেড আউট হওয়ার পর সিরাজ তাকে সাজঘরের দিকে ইঙ্গিত করেন। হেড দাবি করেন, তিনি সিরাজকে ‘ওয়েল বোল্ড’ বলেছিলেন। তবে সিরাজ এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেন।
ট্রাভিস হেড বলেন, ‘আমি তাকে ওয়েল বোল্ড বলেছিলাম, কিন্তু সে হয়তো তা ভিন্নভাবে নিয়েছে। সাজঘরের দিকে ইঙ্গিত করার জন্য তাকে কিছুটা ফিরতি কথা বলেছিলাম। আমি হতাশ যে এটি এমনভাবে ছড়ানো হলো।’
অন্যদিকে, সিরাজ বলেন, ‘ট্রাভিস হেড দারুণ ব্যাটিং করেছে এবং এটি একটি কঠিন লড়াই ছিল। তবে আউট করার পর আমি শুধু উদযাপন করেছিলাম। সে আমাকে অপমান করেছে, যা টিভিতেও দেখা গেছে। তার দাবি যে সে ওয়েল বোল্ড বলেছে, তা সত্যি নয়।’
তবে টেস্ট ম্যাচ শেষে দুজনই তাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন। হেড বলেন, ‘সবকিছু পরিষ্কার হয়েছে। এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আমরা দুজনই এখন ঠিক আছি এবং এ নিয়ে আর কথা বাড়াতে চাই না।’
ক্রিকেট মাঠে উত্তেজনা নতুন নয়। তবে সিরাজ ও হেডের বিরোধ শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে মিটে যাওয়া খেলাধুলার চেতনাকেই তুলে ধরে। এখন দেখার বিষয়, আইসিসি তাদের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেয়।