২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান শীতল সম্পর্কের প্রভাব পড়েছে টুর্নামেন্টের ভাগ্যে। এখনও নিশ্চিত নয় প্রতিযোগিতার আয়োজন পরিকল্পনা, বিশেষ করে পাকিস্তানে ভারতের অংশগ্রহণ নিয়ে রয়েছে বড় অনিশ্চয়তা। এমন উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটেও ট্রফির অফিশিয়াল ট্যুর চালিয়ে যাচ্ছে আইসিসি।
তারই অংশ হিসেবে আজ (সোমবার) বাংলাদেশে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চার দিনের এ সফরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রফিটি প্রদর্শিত হবে।
ট্রফি ট্যুরের বিস্তারিত শিডিউল
১০ ডিসেম্বর: ট্রফি ঢাকায় পৌঁছানোর পর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে।
১১ ডিসেম্বর: কক্সবাজারের লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতে (সীমান্ত সম্মেলন কেন্দ্রের সামনে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ট্রফিটি প্রদর্শিত হবে। এরপর ট্রফি আবার ঢাকায় ফিরে আসবে।
১২ ডিসেম্বর: ঢাকার পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য ট্রফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
১৩ ডিসেম্বর: মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ট্রফিটি প্রদর্শিত হবে। এই আয়োজনে উপস্থিত থাকবেন জাতীয় পুরুষ ও নারী দলের খেলোয়াড়রা, প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট সংগঠক এবং গণমাধ্যমকর্মীরা।
ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক জটিলতার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে সৃষ্টি হয়েছে গভীর অনিশ্চয়তা। তবে এই ট্যুরের মাধ্যমে আইসিসি ক্রিকেটপ্রেমীদের মাঝে প্রতিযোগিতার উত্তেজনা বাড়িয়ে তুলতে চায়। বাংলাদেশে ট্রফির এই সফর ভক্তদের জন্য একটি বিশেষ মুহূর্ত। তারা প্রিয় ট্রফির সঙ্গে ছবি তোলা এবং ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা প্রকাশের সুযোগ পাবেন।
দারুণ প্রত্যাবর্তনে আতলেতিকোর টানা নবম জয়
ধর্ষণের অভিযোগে বিস্মিত এমবাপ্পের চোখ ব্যালন ডি’অরে