নিজেকে ফিরে পেতে গোলাপি টেস্ট শেষেই নেটে কোহলি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পিএম

অ্যাডিলেড ওভালে গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারের পর হতাশাজনক পারফরম্যান্স ভুলে নিজেকে প্রস্তুত করতে নেটে নামেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তার এই প্রচেষ্টার জন্য প্রশংসা করেছেন কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাসকার। 

আগামী ১৪ ডিসেম্বর ব্রিসবেনের গাব্বায় শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের প্রস্তুতি হিসেবে কোহলির এই পরিশ্রমকে বিশেষভাবে উল্লেখ করেছেন গাভাসকার। তিনি আশা প্রকাশ করেছেন, ভারতীয় দলের অন্যান্য খেলোয়াড়রাও একদিন কোহলির মতোই এমন নিবেদন দেখাবে। 

২০২৪-২৫ বোর্ডার-গাভাসকার ট্রফিতে বিরাট কোহলির শুরুটা ভালো হয়নি। পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টে তিনি প্রথম ইনিংসে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত প্রত্যাবর্তন করে নিজের ৩০তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। এরপর অ্যাডিলেডে প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারেননি, দুই ইনিংসে তার সংগ্রহ ছিল যথাক্রমে ৭ এবং ১১। 

তবে ব্যর্থ হলেও কোহলির কঠোর পরিশ্রমের প্রশংসা করে গাভাসকার বলেন, ‘আজ নেটে যাওয়াই তার নিবেদনের পরিচয়। কিন্তু এটাই আমি অন্যদের কাছেও দেখতে চাই। সে রান পায়নি। সে গর্বিত যে ভারতের জন্য সে কী অর্জন করে। এ কারণেই সে নেটে গিয়ে ঘাম ঝরাচ্ছে।’ 

গাভাসকার আরও বলেন, ‘খেলাধুলায় কখনো আপনি রান পাবেন, কখনো পাবেন না। কিন্তু চেষ্টা করতে হবে। কোহলি কঠোর পরিশ্রম করছে, এবং এই কারণে আমি অবাক হব না যদি সে পরের ম্যাচে রান ফিরিয়ে আনে।’ 

অ্যাডিলেডের লজ্জাজনক হার ভুলে ব্রিসবেন টেস্টে ভারতের জন্য ঘুরে দাঁড়ানো জরুরি। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে কোহলির এই প্রচেষ্টা দলকে ইতিবাচক বার্তা দিচ্ছে। ক্রিকেটপ্রেমীরা তার কাছ থেকে আরও একটি দুর্দান্ত ইনিংসের প্রত্যাশায় রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত