টাঙ্গাইলে সংবাদের লাইভ চলাকালে ‘জুবায়েরপন্থী’ শব্দ উচ্চারণ করায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় নানান দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে এমন ঘটনা ঘটে।
জানা যায়, গত ১৭ ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার ঘটনায় জড়িত সাদপন্থীদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন মসজিদে তাদের কার্যক্রম বন্ধসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি জমা দিতে যান জুবায়েরপন্থীরা।
এসময় ডিসি ও এসপির অসদাচরণের প্রতিবাদ ও দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করে জুবায়েরপন্থীরা। বিকেল ৩টার সংবাদে ডিবিসি নিউজের লাইভ চলাকালে রিপোর্টার সোহেল তালুকদার ‘জুবায়েরপন্থী’ শব্দ উচ্চারণ করায় তার ওপর হামলা করে অনুসারীরা। সোহেলকে বাঁচাতে অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করে জুবায়েরপন্থীরা।
এ সময় ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি অলক কুমার দাস, বিডিনিউজের জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জল আহত হয়।
আহত সাংবাদিকরা বলেন, এ ঘটনায় আমরা হতভম্ব। কিছু বোঝার আগেই জুবায়েরপন্থীরা সন্ত্রাসীর মত সাংবাদিকদের ওপর হামলা করেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
জুবায়েরপন্থী মুরুব্বি মুফতি আব্দুর রহমান বলেন, এ ঘটনাটি নিজক একটি ভুল বোঝাবুঝি। পরে ওই সাংবাদিক ও সাংবাদিক নেতাদের সঙ্গে বিষয়টির মীমাংসা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি মো. তানভীন হোসেনকে একাধিকবার মোবাইলে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।