সিটির ওয়াকারকে পেতে আগ্রহী মিলান

ম্যানচেস্টার সিটির অধিনায়ক কাইল ওয়াকার ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করার পর থেকে তার ভবিষ্যৎ নিয়ে চলছে আলোচনা। তাকে শনিবার সালফোর্ড সিটির বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ৮-০ গোলের জয়ের ম্যাচে স্কোয়াডের বাইরে রাখা হয়।

৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার গত বৃহস্পতিবার ক্লাবকে জানান, তিনি বিদেশে খেলার সুযোগ খতিয়ে দেখতে চান। ইতালিয়ান জায়ান্ট এসি মিলান তাকে দলে টানার ব্যাপারে আগ্রহী।

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, ওয়াকারের ভবিষ্যৎ এখন নির্ভর করছে ট্রান্সফার মার্কেটের পরিস্থিতির ওপর। 'আমি জানি না সে আবার সিটির হয়ে খেলবে কিনা। এটি নির্ভর করছে তার এবং ক্লাবের ওপর। ট্রান্সফার উইন্ডো শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না,' বলেন গার্দিওলা।

তিনি আরও যোগ করেন, 'ওয়াকার অসাধারণ শারীরিক সামর্থ্যের অধিকারী। মনোযোগী থাকলে সে একজন অনন্য রাইট-ব্যাক। আমি কখনো এমন শারীরিক সক্ষমতার খেলোয়াড় দেখিনি। সে আরও তিন-চার বছর খেলতে পারে।'

এদিকে, সিটির ডাচ ডিফেন্ডার নাথান আকে স্বীকার করেছেন, ওয়াকার দল ছাড়লে তার নেতৃত্ব ও ব্যক্তিত্বের অভাব ক্লাবকে ভোগাবে। 'সে আমাদের জন্য বিশাল সম্পদ। মাঠে এবং মাঠের বাইরে তার অবদান অসাধারণ। সে চলে গেলে আমরা তাকে ‘ম্যাসিভলি’ মিস করব,' বলেন আকে।

২০১৭ সালে টটেনহ্যাম থেকে সিটিতে যোগ দেওয়ার পর থেকে ওয়াকার ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি এফএ কাপ, চারটি লিগ কাপ, একটি উয়েফা সুপার কাপ এবং একটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন।

এদিকে, সিটির নতুন প্রজন্মের খেলোয়াড়দের উত্থান নিয়েও কথা বলেন আকে। সালফোর্ডের বিপক্ষে জয়ের ম্যাচে ১৯ বছর বয়সী নিকো ও’রেইলি এবং ২২ বছর বয়সী জেমস ম্যাকঅ্যাটি দারুণ পারফর্ম করেন। তরুণ ফরোয়ার্ড ডিভিন মুবামা গোল করেন, আর রিকো লুইস রাইট-ব্যাকে ওয়াকারের জায়গা নিতে শুরু করেছেন।

আকে বলেন, 'ক্লাবে অভিজ্ঞ এবং তরুণদের মধ্যে ভারসাম্য আছে। সালফোর্ডের বিপক্ষে অনেক তরুণ খেলোয়াড়কে খেলতে দেখা গেছে। ক্লাব সবসময়ই বয়সের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে দারুণ কাজ করেছে।'

ওয়াকারের সিদ্ধান্ত এবং সিটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখন ফুটবল বিশ্ব অপেক্ষায়।