রোহিতকে পাকিস্তানে আসতে না দিয়ে রাজনীতি করছে ভারত : পিসিবি কর্মকর্তা

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে দুবাইতে। তবে চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান। তাই চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান হবে পাকিস্তানেই। ধারণা করা হচ্ছিল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা যাবেন পাকিস্তানে।

তবে অভিযোগ উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ক রোহিত শর্মাকে পাঠানোর বিষয়ে নাকি আপত্তি জানিয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে হওয়ার কথা। রোহিত শর্মার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি প্রাক-টুর্নামেন্ট প্রেস কনফারেন্স এবং অধিনায়কদের ফটোশুটেও থাকার কথা।

পিটিআই প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি প্রতিনিধি দলের অংশ হিসেবে সম্প্রতি পাকিস্তানে যাওয়া তিন ভারতীয় নাগরিককে ভিসা দেওয়া হয়েছিল। পিসিবির সূত্র আরও জানিয়েছে, পাকিস্তান সরকার সব দলের খেলোয়াড়, অধিনায়ক, ও অফিসিয়ালদের ভিসার অনুমোদন দিয়েছে। এতে রোহিত বা অন্য যে কোনো ভারতীয় খেলোয়াড় বা কর্মকর্তা অন্তর্ভুক্ত।

তবে, বিসিসিআই এখনও রোহিত শর্মাকে পাকিস্তানে পাঠানোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিবৃতি দেয়নি।

নাম প্রকাশে না করে এক পিসিবি কর্মকর্তা পিটিআইকে বলেন, 'বিসিসিআই ক্রিকেটে রাজনীতি টানছে, যা খেলাটির জন্য ভালো নয়। তারা পাকিস্তানে সফরে রাজি হয়নি, তাদের অধিনায়ককেও পাঠাতে চাচ্ছে না, জার্সিতে (আয়োজক) পাকিস্তানের নাম লেখার বিরুদ্ধেও অবস্থান নিয়েছে। আমরা আশা করি আইসিসি এই বিষয়ে পাকিস্তানের পাশে থাকবে।'

চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরে ভারত ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল। এবার ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি। আর ২৩ হবে ভারত ও পাকিস্তানের ম্যাচ।