আইপিএলে উপেক্ষিত হলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক চাপ কমাতে এবং বড় তারকাদের টুর্নামেন্টে আনার জন্য বিশেষ তহবিল থেকে খেলোয়াড়দের বাড়তি অর্থ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিএসএলের দশম আসরে ছয় বিদেশি তারকাকে ১ লাখ ডলার (১ কোটি ২১ লাখ টাকা) করে প্রদান করবে পিসিবি। ক্রিকেট পাকিস্তান ও বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, এই অর্থ বোর্ডের বিশেষ তহবিল থেকে দেওয়া হবে, যেখানে মোট ১০ লাখ ডলার (১২ কোটি ১৬ লাখ টাকা) জমা রয়েছে।
পিসিবি জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর অর্থনৈতিক চাপ কমিয়ে ভবিষ্যতে আরও বড় তারকাদের পিএসএলে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা। একই সঙ্গে, এটি বিদেশি খেলোয়াড়দের জন্য বাড়তি পুরস্কার হিসেবে বিবেচিত।
এক কর্মকর্তা আইএএনএসকে বলেন, _‘ড্রাফটে অন্তর্ভুক্ত এলিট খেলোয়াড়দের অর্থ প্রদানে পিসিবি তাদের বিশেষ তহবিল ব্যবহার করবে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে পুরো অর্থ দিতে হবে না, এটি খেলোয়াড়দের টুর্নামেন্টে অংশগ্রহণে উৎসাহিত করবে।’
ড্রাফটে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার হয়েছেন এবারের পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড়। করাচি কিংস তাকে ৩ লাখ ডলারে (৩ কোটি ৬৪ লাখ টাকা) দলে ভিড়িয়েছে। তবে এর মধ্যে ১ লাখ ডলার দেবে পিসিবি।
এভাবে আরও পাঁচ বিদেশি খেলোয়াড়ের জন্য বিশেষ তহবিল ব্যবহার করবে বোর্ড। পিসিবির এই উদ্যোগ ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য যেমন স্বস্তিদায়ক, তেমনই ভবিষ্যতে বড় তারকাদের অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখবে।
চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফি থাকায় পিএসএলের দশম আসর ১০ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই সময়ে শুরু হবে আইপিএলের ১৮তম আসর। দুই টুর্নামেন্ট একই সময়ে চলায় বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে সমালোচনার সৃষ্টি হতে পারে।
বিজয় ‘আবেগে ভেঙে পড়ায়’ নেতৃত্বে পরিবর্তন, রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন
রুদ্ধশ্বাস ম্যাচে ঢাকার কাছে হার সিলেটের
লিটনকে অভয় দিয়ে পাশে থাকার অঙ্গীকার এক ভক্তের