ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় করে দেওয়ার স্মৃতিটা তরতাজা আফগানিস্তানের। তাতে জমে ওঠা ‘বি’গ্রুপের সমীকরণে হয় করো নয় মরো অবস্থা আফগানিস্তানের। সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ তাদের জিততেই হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ম্যাচে আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।
আফগানদের হয়ে ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন সেদিকউল্লাহ অটল। ৯৫ বলে ৬ চার, ৩ ছক্কায় করেছেন ৮৫ রান। আর গতবছরের আইসিসি ওয়ানডে ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাই খেলেছেন ৬৩ বলে ৬৫ রানের ইনিংস। যেখানে তার চার মাত্র ১টি অথচ ছক্কা ৫টি।
অজি পেসার বেন ডোয়ারশুইস ৩টি ও স্পেনসার জনসন ২টি উইকেট নেন। অ্যাডাম জাম্পাও নেন ২ উইকেট। ইনিংসে শেষ বলে ২৭৩ রানে অলআউট হয় আফগানিস্তান।
লাহোরের রান প্রসবা উইকেটে সংগ্রহটা বাস্তবতার নিরিখে বেশ কম। এই মাঠে ইংল্যান্ডের ৩৫১ রানও টপকে গিয়েছে অস্ট্রেলিয়া। তবে ইংলিশ বোলিং আক্রমণের চাইতে আফগান আক্রমণ অজিদের অনভিজ্ঞ ব্যাটসম্যানদের সামনে নতুন। এ জন্য দ্বিতীয় ইনিংসে দেখা যেতে পারে উত্তেজনা।