ইসরাইলের অবিরাম হামলায় চরম মানবিক সংকটের মুখে গাজা। খাদ্যের অভাবে বিপর্যস্ত লাখো ফিলিস্তিনি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, উপত্যকাটিতে মাত্র দুই সপ্তাহের জন্য খাদ্য মজুত রয়েছে।
বিশ্ব যখন ঈদ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত, তখন গাজায় চলছে অমানবিক সহিংসতা। ইসরাইলি হামলায় বিধ্বস্ত একের পর এক এলাকা, প্রতিদিন বাড়ছে হতাহতের সংখ্যা।
সর্বশেষ, ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানুয়া। গতকাল বৃহস্পতিবার ভোরে গাজার উত্তরাঞ্চলের একটি তাঁবুতে অবস্থান করার সময় তাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বাহিনী। আল-আকসা টেলিভিশন ও শেহাব নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে ভোট বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, এ সংক্রান্ত দুটি প্রস্তাব উত্থাপন করবেন।
তিনি বলেন, ‘নেতানিয়াহু আন্তর্জাতিক ও মার্কিন আইন লঙ্ঘন করছেন। এই নৃশংসতায় যুক্তরাষ্ট্রের ভূমিকা বন্ধ করতেই হবে।’
গাজায় চলমান সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা-এর প্রধান। তিনি জানান, যুদ্ধ শুরু হওয়ার পর এত দীর্ঘ সময় গাজা কখনো খাদ্য ও চিকিৎসা সহায়তা ছাড়া কাটায়নি। বর্তমান পরিস্থিতিতে লাখ লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটে ভুগছেন।
জাতিসংঘ সতর্ক করেছে, দ্রুত ব্যবস্থা না নিলে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ অনিবার্য হয়ে উঠবে।