এক টাকায় ঈদের নতুন জামা পেয়ে শিশুরা খুশি

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০২:৪২ এএম

ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন পোশাক, ঈদ মানে পরিবার-বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। কিন্তু অনেক শিশুর কাছে এই আনন্দ অধরা থেকে যায়।

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এমন অনেক শিশু রয়েছে যাদের বাবা ও মায়েরা দিনমজুর। আবার কারও বাবা নেই, মা অন্যের বাড়িতে কাজ করে। ঈদে নতুন জামা পরা তাদের কাছে স্বপ্নের মতো। মাত্র এক টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত এমন শিশুদের মধ্যে হাসি ফোটাতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’।

গতকাল বৃহ¯পতিবার নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় রাস্তার পাশে সামিয়ানা টাঙিয়ে তারা বসিয়েছিল ব্যতিক্রমী শিশু পোষাকের দোকান। যেখানে তারা সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ১ টাকায় ঈদের নতুন জামার ব্যবস্থা করেন। এর মধ্যে ছিল নতুন সব ডিজাইনের শিশুদের ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। আয়োজকরা জানান, গতকাল সুবিধা বঞ্চিত ১৮৮ শিশু এক টাকায় তাদের নতুন পোশাক কিনে নেয়। মাত্র এক টাকায় ঈদের নতুন জামা পেয়ে খুশি তারা।

শহরের গোলাহাটের শবনম (৮) বলে, ‘আমরা তো কোনো উৎসবে নতুন জামা পাই না। এখানে এক টাকায় নতুন জামা দিচ্ছে শুনে ছুটে এসেছি। নিজের পছন্দ মতো ফ্রক নিতে পেরে খুব খুশি হয়েছি।

সংগঠনের সদস্য সামিউল, রাজা, রাব্বি বলেন, ‘সমাজে সুবিধাবঞ্চিত শিশুরা বেশিরভাগ সময়ই বঞ্চিত। ঈদেও তারা নতুন কাপড় কিনতে পারে না। ওই সব শিশুদের আমরা এক টাকায় ঈদের নতুন জামা দিয়েছি। ঈদের আগের রাত পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত