পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির আহ্বান জানিয়ে ইরানকে চিঠি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমানের মাধ্যমে সেই চিঠির জবাব পাঠিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানায়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ট্রাম্পের চিঠির পরিপ্রেক্ষিতে ইরানের জবাব যথাযথভাবে ওমানের মাধ্যমে পাঠানো হয়েছে।
আব্বাস আরাগচি বলেন, ‘সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মধ্যে থাকা অবস্থায় ইরান সরাসরি আলোচনায় যুক্ত হবে না—এই নীতি এখনো বহাল আছে। তবে অতীতের মতো পরোক্ষ আলোচনা চলতে পারে।’ তিনি আরও জানান, জবাবের মধ্যে একটি চিঠি রয়েছে, যেখানে বর্তমান পরিস্থিতি ও ট্রাম্পের চিঠির বিষয়ে ইরানের অবস্থান বিস্তারিত তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং দেশটির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন। ২০১৫ সালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার শর্তে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
গত ৭ মার্চ ট্রাম্প জানান, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি লিখেছেন। সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে আলোচনায় বসার জন্য ইরানকে দুই মাসের সময়সীমা বেঁধে দেন তিনি। তবে তেহরান সরাসরি আলোচনায় বসতে রাজি না হলে সামরিক পদক্ষেপেরও হুমকি দেন ট্রাম্প।
যমুনার তীরে বারুণীর স্নানে পুণ্যার্থীদের ঢল