২০-২৫ রান কম হয়েছিল- পরাজিত দলের অধিনায়কের জন্য এটা বহুল প্রচলিত অজুহাত। গতকাল মঙ্গলবার আইপিএলে পাঞ্জাব কিংসের কাছে হারের পর এমনটাই শোনা গেল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক রিশাভ পান্তর মুখে। আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় পান্ত নিজেও ব্যাট হাতে আরেকবার ব্যর্থ হলেন। এই নিয়ে তিন ম্যাচের দুটিতেই হারল লক্ষ্ণৌ।
ম্যাচ শেষে পান্ত বলেন, ‘আমাদের রান যথেষ্ট হয়নি। ২০ থেকে ২৫ রান কম হয়েছিল। কিন্তু এটা খেলার অংশ। এমনটা হতেই পারে। শুরুতে উইকেট হারালে বড় রান করা মুশকিল। তবে দলের সবাই নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছে। আমরা এখনও এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের ধারণা ছিল, উইকেট একটু ধীরগতির হবে। প্রথম ইনিংসে বল উইকেটে পড়ে ধীর হয়ে যাচ্ছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে এমনটা হয়নি।’
২৭ কোটি রুপি মূল্যের আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত নিজেও ভালো করতে পারেননি। ৫ বলে মাত্র ২ রান করে আউট হয়েছেন। প্রথম দুই ম্যাচে করেছিলেন যথাক্রমে ০ এবং ১৫ রান। তাই পান্তের ওপর চাপ বেড়ে গেল। গ্যালারিতে বসে দলের হার দেখলেন লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েন্কা। তবে এই হার থেকে শিক্ষা নিতে চান পান্ত, ‘আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। এই ম্যাচে ইতিবাচকও অনেক কিছু ছিল। আর বেশি কথা বলব না।’