দ্বিতীয় দিনের নায়ক ব্যাটে-বলে টেলএন্ডাররা

ইফতি আর মঈনের ব্যাটে চড়ে প্রথম দিনটা ঠিকমতো কাটানোর পর দ্বিতীয় দিনে আরও শক্ত অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। মিরপুরে চার দিনের ইমার্জিং সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ চেপে ধরেছে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে। প্রথম ইনিংসে নিজেরা ৩৭১ রান করার পর ১৫২ রান তুলতে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। সফরকারীদের চেয়ে এখনও ২১৯ রানে এগিয়ে আছেন রিপন-মেহেদীরা।

দিনের শুরুতে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন টেইলএন্ডাররা। ৫৭ বলে ৩১ রান করেন রাকিবুল হাসান। পরে রিপন মন্ডল খেলেন ৮১ বলে ৪৩ রানের ইনিংস। ৬৮ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন মেহেদী হাসান। ১২১.৪ ওভারে ৩৭১ রান তোলার পর ইনিংস থামে বাংলাদেশের। ৭ উইকেটে ২৪২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ।

জবাব দিতে নামা প্রোটিয়াদের শুরু থেকেই চাপে রাখেন বোলাররা। ওপেনিং জুটি ভাঙে ৪৮ রানের মাথায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওপেনার মুহাম্মদ মানাক ৯৫ বলে করেছেন ৫৪ রান। বাকিদের মধ্যে ৩৭ বলে ২৯ রান করেন রোমাশানন পিললায়। আন্দিল মোকগাকানে খেলেছেন ২১ বলে ২০ রানের ইনিংস। প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টাইগারদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রিপন মন্ডল এবং রাকিবুল হাসান। এছাড়া ১টি করে উইকেট নেন মেহেদী হাসান এবং নাঈম আহমেদ।