ভারত-ইংল্যান্ড সিরিজে কারা জিতবে? জানালেন টেন্ডুলকার

রোহিত শর্মা নেই, বিরাট কোহলি নেই, রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানেরা কেউই নেই। প্রায় তরুণদের নিয়ে গড়া ভারতীয় দল আজ থেকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে। ১৩ বছর পর এই তারকাদের ছাড়া খেলতে নামবে নতুন যুগের ভারত। তাই দলটি নিয়ে খুব বেশি আশা করছেন না অনেকে। এদিকে কিংবদন্তি শচীন টেন্ডুলকার কিনা ভারতকেই সিরিজ জয়ী হিসেবে দেখছেন!

ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেছেন, ‘আমি ৩-১ ব্যবধানে ভারতের পক্ষেই সিরিজের ফল ধরে রেখেছি। আমার পরামর্শ থাকবে—বাইরের কে কী বলছে, সেসব নিয়ে ভাবার দরকার নেই। শুবমান আক্রমণাত্মক, না রক্ষণাত্মক, না সে যথেষ্ট তৎপর—এসব শুধু মতামত। এসব দলের বাইরে থাকা লোকজনের মতামত। ওর ভাবার বিষয় হলো, ড্রেসিংরুমে যেটা আলোচনা হয়েছে সেটা মাঠে বাস্তবায়ন হচ্ছে কি না। সিদ্ধান্তগুলো দলের স্বার্থকে সামনে রেখেই নেওয়া হচ্ছে কি না—সেটাই গুরুত্বপূর্ণ।’

শচীন যেমন তার দেশকে নিয়ে বাজি ধরেছেন, তেমনই তেমনি ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার নাসের হুসেইন ও গ্রায়েম সোয়ানেরও বাজি ইংল্যান্ডের পক্ষে। নাসের এই সিরিজে ইংল্যান্ডের ৩-১ ব্যবধানে ও সোয়ান ৪-১ ব্যবধানে জয় দেখছেন। এই সিরিজ দিয়েই ভারতের টেস্ট ইতিহাসে ৩৭তম অধিনায়ক হিসেবে অভিষিক্ত হবেন শুবমান গিল। ২৪ বছর বয়সী এই তারকার জন্যও পরামর্শ আছে শচীনের।

ভারতের এই ব্যাটিং লিজেন্ড বলেছেন, ‘ভারতের হয়ে খেলা মানেই একধরনের দায়িত্ব। সেটা ৬ বা ৭ নম্বরেও হতে পারে। এমনকি ১১ নম্বরেও কেউ দায়িত্ব পালন করছে। মানুষ বিশ্বাস করে যে গিল এই দায়িত্ব পালন করতে পারবে, এটাও ইতিবাচক ব্যাপার। মনোযোগ ধরে রেখে, সর্বোচ্চ নিবেদন দিয়ে ওকে নিজের মতো করে খেলতে হবে। আমার বিশ্বাস ও এই সিরিজে দারুণ কিছু করবে।’