কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় উচ্ছেদ অভিযান

কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে আবারও চালানো হয়েছে উচ্ছেদ অভিযান। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে শুরু হওয়া এই অভিযানে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অংশ নেয়। 

অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী আবু সায়েম মজুমদার।

অভিযানে নগরীর কান্দিরপাড়, রামঘাট, মনোহরপুর ও রাজগঞ্জ এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অপসারণ করা হয় ফুটপাত দখল করে রাখা নির্মাণসামগ্রী। পাশাপাশি কাটা হয় বেশ কিছু অবৈধ বিদ্যুৎ ও পানির সংযোগ। 

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, নগরবাসীর স্বাচ্ছন্দ্য চলাচল নিশ্চিত করতে ও নগরের সৌন্দর্য রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের উচ্ছেদ অভিযান চলবে।

কুমিল্লা সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, অচিরেই নগরীর অন্যান্য এলাকাতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।