ইউএস ওপেনে মিক্সড ডাবলস খেলতে যাচ্ছেন কার্লোস আলকারাজ ও এমা রাদুকানু। কোর্টের বাইরে এই যুগলকে ঘিরে যেমন আগ্রহ তুঙ্গে, তেমনি ভক্তদের একাংশের মধ্যে গুঞ্জন উঠেছিল—তাদের মধ্যে কি বন্ধুত্ব ছাড়াও কিছু আছে?
কিন্তু উইম্বলডনের শুরুতেই সেই গুঞ্জনকে হেসেই উড়িয়ে দিয়েছেন ব্রিটিশ তারকা রাদুকানু। সরাসরি বলেন, “আমরা কেবল ভালো বন্ধু।”
এরপর আলকারাজও মজার ছলে বিষয়টি নিয়ে কথা বলেন। রাদুকানুকে ‘দ্য বস’ আখ্যা দিয়ে স্প্যানিশ গ্র্যান্ড স্লামজয়ী বলেন, “আমি শুধু সার্ভ করব, তারপর নিজে সরে যাব আর তাকে খেলতে দেব। সে কোর্টের বড় অংশ কাভার করবে। আমি শুধু ওর কথা শুনব—যা বলবে, তাই করব!”
২০২১ উইম্বলডনে একসঙ্গে পেশাদার ট্যুরে যাত্রা শুরু এই দুজনের। এরপর থেকেই রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এমা বলেন, “ও খুব ভালো একজন মানুষ, ইতিবাচক, দারুণ মূল্যবোধসম্পন্ন। ওর সঙ্গে সময় কাটানো সবসময় আনন্দের।”
এমা আরও জানান, আলকারাজ যখন তাকে জুটির প্রস্তাব দেন, তখন তিনি দলের সঙ্গে পরামর্শ করে হ্যাঁ বলেন। “আমি জানতাম, রাজি হবই। শুধু কোচের সঙ্গে আলাপটা আনুষ্ঠানিকভাবে করা দরকার ছিল,” বলেন এমা।
সম্প্রতি একটি ইভিয়ান প্রোমোশনাল ইভেন্টেও একসঙ্গে অংশ নেন তারা। উইম্বলডনের প্রথম রাউন্ডেও জয় পেয়েছেন দুজনই—এমা সহজেই হারিয়েছেন সহদেশবাসী মিমি জুকে, আর আলকারাজ পাঁচ সেটের রোমাঞ্চে হারিয়েছেন ফাবিও ফগনিনিকে।
ইউএস ওপেনের মিক্সড ডাবলস শুরু হবে ১৯-২০ আগস্ট, যেখানে এক মিলিয়ন ডলারের প্রাইজমানি রাখা হয়েছে। উদ্দেশ্য, এককে খেলা তারকাদের দ্বৈতে আগ্রহী করে তোলা। রাদুকানু-আলকারাজ জুটির ঘোষণা ইতোমধ্যেই টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
আলকারাজকে কাঁপিয়ে দেওয়া ফগনিনি ছেলের জন্য চাইলেন জার্সি