মেয়েদের পায়ে ইতিহাস; প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে আজ বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে মিয়ানমারকে হারিয়ে নিজেদের কাজটা আগেই করে রেখেছিল। অপেক্ষা ছিল তুর্কমেনিস্তান-বাহরাইন ম্যাচের ফলাফলের। সেই ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এই প্রথম মেয়েরা এশিয়ান কাপ খেলতে যাচ্ছে।

বাছাইপর্বে আট গ্রুপ থেকে আটটি দল খেলবে ২০২৬ এশিয়ান কাপে। অর্থাৎ গ্রুপে শীর্ষে থাকা দলই পাবে এশিয়ান কাপের টিকিট। 
বাংলাদেশ দুই ম্যাচ থেকে ৬ পয়েন্টে শীর্ষে আছে। মিয়ানমারের পয়েন্ট ৩, বাহরাইন ও তুর্কমেনিস্তানের পয়েন্ট ১। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তান ও বাংলাদেশ। আরেক ম্যাচে মিয়ানমার ও বাহরাইন।

শেষ ম্যাচ থেকে মিয়ানমার জিতে পয়েন্ট ৬ করতে পারে। যদি বাংলাদেশ হারে তুর্কমেনিস্তানের কাছে তখন দুই দলের পয়েন্ট সমান ৬ হবে। তবে নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে দেখা হবে মুখোমুখি লড়াই। আর মুখোমুখি লড়াইয়ে আজ বাংলাদেশ হারিয়েছে মিয়ানমারকে। তাই এক ম্যাচ হাতে রেখেই এশিয়ান কাপে খেলা নিশ্চিত হলো ঋতুপর্ণা-আফিদাদের।

এর আগে ১৯৮০ সালে এশিয়া কাপে প্রথম এবং একমাত্র এশিয়া কাপে খেলতে পারে বাংলাদেশ পুরুষ দল। যদিও সেবার বাছাই পর্বে গ্রুপ ২-এ ইরাক তাদের নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় কিছুটা সহজ হয়ে গিয়েছিল বাংলাদেশের পথচলা। আফগানিস্তানের বিপক্ষে একটি জয় ও একটি ড্র এবং কাতারের বিপক্ষে একটি ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে  বাংলাদেশ।