দীর্ঘ ক্যারিয়ারে দেড়শর বেশি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। আছে ৩৬টি সেঞ্চুরির অভিজ্ঞতা। তারপরও ৩৭ নম্বর সেঞ্চুরির টেনশনে সারারাত ঘুমাতে পারেননি অভিজ্ঞ ইংলিশ তারকা জো রুট। লর্ডস টেস্টের প্রথম দিনের খেলার শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন। নির্ঘুম রাত কাটিয়ে পরদিন অবশ্য সেঞ্চুরি তুলে নিয়েছেন।
সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকা নিয়ে রুট বলেন, ‘বিছানায় শোয়ার কিছুক্ষণ পরই ঘুমে ভেঙে গিয়েছিল। সারারাত আর ঘুম হয়নি। শুধু ভেবেছি, দ্বিতীয় দিনের শুরুটা কীভাবে করব। কোন শট দিয়ে শুরু করাটা ঠিক হবে। আগের ইনিংসগুলোতে কীভাবে আউট হয়েছি, সেগুলোও মনে করার চেষ্টা করছিলাম। শেষ পর্যন্ত বুঝতে পারলাম, সেঞ্চুরি পূর্ণ হওয়াটা শুধু আমার ওপর নির্ভর করছে না, এতে আরও অনেক বিষয় জড়িত।’
গতকাল শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি রুট। ১৯৯ বলে ১০৪ রানে আউট হওয়ায় তিনি বেশ হতাশ, ‘আমি একটু হতাশ। জসপ্রীত বুমরার বলটা ভালো ছিল, কিন্তু ঠিকঠাক খেলতে পারিনি। আরও একটু চেষ্টা করা উচিত ছিল। হয়তো সেই সময় আত্মতৃপ্তিতে ভুগছিলাম।’
উল্লেখ্য, প্রথম ইনিংসে ৩৮৭ রানে অল-আউট হয়েছে ইংল্যান্ড। তাদের ইনিংসে সেঞ্চুরি ওই একটিই। ভারতের পেসার জসপ্রিত বুমরা নিয়েছেন ৭৪ রানে ৫ উইকেট। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারতও বেকায়দায় পড়েছে। ১০৭ রানে ৩ উইকেট হারানোর পর জুটি বেঁধেছেন ওপেনার লোকেশ রাহুল (৫৩*) আর রিশাভ পান্ত (১৯*)। আজ শনিবার তৃতীয় দিনে ভারত কতদূর যায় সেটাই দেখার।