২০ পেনি দিয়ে চিপস খেতে বলের হিসাব রাখতেন রুট

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০২:২১ পিএম

সমকালীন ক্রিকেটের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান জো রুট। চলতি লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে নায়ারের ক্যাচ লুফে নিয়ে রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে সর্বোচ্চ ২১১ ক্যাচের মালিক হয়ে গেছেন এই ইংলিশ তারকা। সেঞ্চুরির পর ক্যাচের রেকর্ড গড়ার দিনে রুট শুনিয়েছেন ছোটবেলার মজার একটি গল্প। ২০ পেনি পাওয়ার আশায় তিনি বড়দের খেলার সময় বলের হিসাব রাখতেন।

রুটের স্লিপ এরিয়ায় ফিল্ডিংয়ের শুরুটা হয়েছিল ২৫ বছর আগে শেফিল্ড কলেজিয়েট ক্রিকেট ক্লাবে। বিবিসি স্পোর্টসকে রুট শুনিয়েছেন তার ফাইন লেগ থেকে স্লিপের ফিল্ডার হওয়ার গল্প, ‘আমার বয়স যখন ৮ কিংবা ৯ বছর তখন আমি সাধারণত ফাইন লেগে ফিল্ডিং করতাম। সেটা ছিল আমার ক্রিকেটে শেখার সময়। আপনি যত বেশি খেলবেন, তত বেশি খেলাটিতে জড়িত থাকতে পারবেন। আমি বিষয়টাকে এভাবেই দেখি। তখনও দেখতাম।’

রুট আরও বলেন, ‘আমাকে খেলায় ব্যস্ত রাখার জন্য একজন সিনিয়র খেলোয়াড় বারবার জিজ্ঞেস করতেন যে, ওভারে কত বল বাকি আছে। ঠিকঠাক উত্তর দিতে পারলে পুরস্কার হিসেবে খেলার শেষে ২০ পেনি পেতাম। খেলায় মনোযোগ ধরে রেখে যদি সব তথ্য ঠিকঠাক দিতে পারতাম, তাহলে সেই টাকা দিয়ে খেলার শেষে ক্রিম্পস অ্যান্ড পপস (এক ধরনের চিপস) কিনে খেতাম। এভাবেই আমি স্লিপের ফিল্ডার হয়ে যাই।’

১৫৬ টেস্টের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৭টি সেঞ্চুরি করেছেন ৩৪ বছর বয়সী জো রুট। হাফ সেঞ্চুরি করেছেন ৬৬টি। ভালো ক্রিকেটার হয়ে উঠতে যতটা বেশি সম্ভব খেলার পরামর্শ দিয়েছেন এই তারকা, ‘আপনি যত বেশি খেলবেন, তত বেশি খেলাটিকে প্রভাবিত করতে পারবেন। আপনি তখন এমন অবস্থানে যেতে চাইবেন, যেখান থেকে খেলাকে প্রভাবিত করা আপনার দ্বারা সহজ হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত