কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৮৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় র‌্যাবের বিশেষ অভিযানে ৮৪ কেজি গাঁজা ও ২১ হাজার পিস ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. হৃদয় হাসান (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব-১১, সিপিসি-২। গ্রেপ্তারকৃত হৃদয় হাসান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ শশীদল গ্রামের আলাউদ্দিনের ছেলে। 

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ দল। অভিযান চলাকালে ব্রাহ্মণপাড়ার শশীদল এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে র‌্যাব সদস্যরা হৃদয় হাসানকে আটক করেন। পরে তার হেফাজত থেকে ৮৪ কেজি গাঁজা ও ২১ হাজার পিস আতশবাজি উদ্ধার করা হয়।

র‌্যাব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ও ভারতীয় আতশবাজি সংগ্রহ করে কুমিল্লাসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করতেন। 

র‌্যাব-১১, সিপিসি-২–এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।