২৭ জুলাই শুরু হজের প্রাথমিক নিবন্ধন

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৬:৫১ পিএম

আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে আগামী বছরের হজের প্রাথমিক নিবন্ধন। ২০২৬ সালের হজে গমনেচ্ছু ব্যক্তিরা প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।

সোমবার সচিবালয়ে ২০২৬ সালের হজের রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এতে সভাপতিত্ব করেন।

সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে চলতি বছরের ১২ অক্টোবরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যেই হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন ও পরবর্তীতে হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। 

সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও উড়োজাহাজ ভাড়া নির্ধারণসাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সরকারি মাধ্যমের হজযাত্রীরা ই হজ সিস্টেম (www.hajj.gov.bd), লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও বায়তুল মোকাররম অফিস এবং আশকোনা হজ অফিস হতে প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন করতে পারবে। তবে বেসরকারি মাধ্যমে হজপালনে ইচ্ছুক ব্যক্তিদেরকে অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত