প্রথমবার দেশের মাটিতে রিংয়ে নেমেই চ্যাম্পিয়ন হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালে বাংলাদেশ আনসারের আফরা খন্দকারকে হারিয়ে এ কীর্তি গড়েন জিনাত।
৫২ কেজি ওজন শ্রেণিতে প্রতিযোগী মাত্র ছয় জন হওয়ায় প্রথম ম্যাচে ‘বাই’ পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পান জিনাত। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি সহজে হারিয়ে দেন বাংলাদেশ সেনাবাহিনীর আয়শা খাতুনকে। ফাইনালে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকারের বড় বোন আফরার বিপক্ষেও একপেশে আধিপত্য বজায় রেখে ম্যাচ জিতে নেন জিনাত।
জাতীয় চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম অংশ নিলেও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক আসরে আগেই অভিষেক হয়েছে জিনাতের। হাংঝু এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। গত বছর এপ্রিলে দক্ষিণ আফ্রিকার ডারবানে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিংয়ে এলিট ৪৮ থেকে ৫০ কেজি লাইট ফ্লাইওয়েট ক্যাটাগরিতে স্বর্ণ জিতেন জিনাত। পর্তুগালে ব্রাগা ওপেন বক্সিংয়ে নিজের ইভেন্টে হন সেরা। পোল্যান্ডে বক্সিংয়ের আরেকটি আন্তর্জাতিক আসরেও ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।