পাকিস্তানি জার্সি ঢাকতে বলায় ক্ষমা চাইল ল্যাঙ্কাশায়ার

ভারত-ইংল্যান্ডের মধ্যকার ম্যানচেস্টার টেস্টে পাকিস্তানের জার্সি পরা এক দর্শককে নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছিল। গত রবিবার সেই দর্শক ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে পাকিস্তানি জার্সি পরে আসায় নিরাপত্তারক্ষীরা তাকে জার্সিটি ঢেকে রাখতে বলে। এতে সেই দর্শক রাজি না হওয়ায় তাকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষমা চেয়েছে ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।

ওল্ড ট্রাফোর্ড হলো ল্যাঙ্কাশায়ারের হোম ভেন্যু। ফারুক নজর নামের সেই দর্শক ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। এরপর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। জার্সিটি ঢাকতে বলা সেই নিরাপত্তারক্ষী ল্যাঙ্কাশায়ারের হয়ে কাজ করেন বলে পরিচয় দেন। ফারুককে তিনি বলেন, জার্সিটি ঢাকতে বলার জন্য ‘কর্তৃপক্ষ’ তাকে পাঠিয়েছেন। তবে তার কথায় ফারুক রাজি না হওয়ায় পুলিশের সহায়তায় তাকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়।

এই ঘটনায় তীব্র সমালোচনা শুরু হলে এক বিবৃতিতে ল্যাঙ্কাশায়ার জানিয়েছিল, এ ঘটনার তদন্ত করা হবে। অভ্যন্তরীণ তদন্ত শেষে এবার তারা এক বিবৃতিতে বলেছে, ‘প্রথমে একটি বিষয় আমরা পরিষ্কার করে বলতে চাই, স্রেফ পাকিস্তানের জার্সি পরে আসায় কাউকে বের করে দেওয়ার ইচ্ছা ছিল না। শনিবার একটি ঘটনার কারণে বিষয়টি সামলানো হয় ওভাবে। একদল সমর্থক পাকিস্তানের পতাকা ওড়ান, তাতে কাছাকাছি থাকা ভারতের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আমাদের তত্ত্বাবধায়ক সম্মানের সঙ্গে পতাকা সরিয়ে রাখার কথা বলে ঘটনাটা আর বাড়তে দেননি। তারাও (সমর্থক) কোনো প্রকার সন্দেহ ছাড়াই সেটা (পতাকা নামিয়ে ফেলা) করেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার আমাদের (নিরাপত্তা) দল সতর্কতামূলক ব্যবস্থা নেয়। আমাদের কাছে নিরাপত্তাই আগে। কোনো উত্তেজনা যেন তৈরি না হয় এবং তার (ফারুক নজর) নিজের স্বার্থে গ্যালারিতে আমাদের (নিরাপত্তা) কর্মী ভদ্রভাবে জার্সিটি ঢেকে রাখার কথা বলেন। কয়েকবার অনুরোধের পরও তিনি বারবার অসম্মতি জানান। (স্টেডিয়ামের নিরাপত্তার কাজে) দায়িত্বপ্রাপ্ত দলের সঙ্গে অগ্রহণযোগ্য ব্যবহার করায় স্টুয়ার্ড ও পুলিশ কর্মকর্তারা তাকে স্টেডিয়াম থেকে চলে যেতে বলেন। অনিচ্ছাকৃতভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি হওয়ায় ভবিষ্যতে এমন পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে যে প্রক্রিয়া, তা পর্যালোচনা করা হবে।’