কুমিল্লায় নিখোঁজের দুইদিন পর প্রবাসীর মরদেহ উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের দুইদিন পর ফারুক মুন্সি (৩৫) নামের এক প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) একটি কবরস্থানের পাশের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ফারুক মুন্সি উপজেলার চান্দলা গ্রামের মধ্যপাড়ার মৃত. খোরশেদ মুন্সির ছেলে। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে ফিরে স্থানীয়ভাবে রাজমিস্ত্রির কাজ করতেন। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৬ আগস্ট) দুপুর থেকে ফারুক নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তার স্ত্রী রেহানা বেগম ব্রাহ্মণপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি কবরস্থানের পাশের বাঁশঝাড়ে স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, এটি একটি অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।