ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন রজার বিনি। তার জায়গায় কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজীব শুক্লা, যিনি বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তী নির্বাচন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
ভারতীয় গণমাধ্যম ‘দৈনিক জাগরণ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌরভ গাঙ্গুলীর পর ২০২২ সালের অক্টোবর মাসে বিসিসিআই সভাপতি হয়েছিলেন বিনি। ১৯ জুলাই তার বয়স ৭০ পেরিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান অনুযায়ী, ৭০ বছরের পর কেউ প্রশাসনের কোনো পদে থাকতে পারবেন না। তাই তিন বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বিনিকে সরে যেতে হলো।
বুধবার রাজীব শুক্লার নেতৃত্বে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয়। এই সভায় মূল আলোচনার বিষয় ছিল স্পন্সরশিপ। মিটিংয়ে স্পনসর কম্পানি ড্রিম১১-এর সঙ্গে বোর্ডের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত এবং আগামী দুই-আড়াই বছরের জন্য নতুন স্পন্সর খুঁজে বের করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে বোর্ডের সাধারণ সভায় পরবর্তী সভাপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
এর আগে অবশ্য শোনা গিয়েছিল, মেয়াদ পূর্ণ করেই রজার বিনি বিদায় নেবেন। কারণ, ভারতের জাতীয় ক্রীড়া আইনে বলা হয়েছে, ৭৫ বছর পর্যন্ত বিভিন্ন ক্রীড়া সংস্থায় প্রশাসক পদে থাকা যাবে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হওয়ায় এই আইন সেখানে কার্যকর হচ্ছে না। তাই বোর্ডের আইন মেনেই সরে যেতে হয়েছে রজার বিনিকে।