চন্দনাইশে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে সাপের কামড়ে যোহরা আকতার (১৩) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। 

জানা যায়, ৩১ আগস্ট রাতে চন্দনাইশ উপজেলার ৪নং বরকল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিকদার বাড়ি এলাকার মোহাম্মদ মঈনউদ্দীন সিকদারের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

যোহরা আকতার উপজেলার ৪নং বরকল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিকদার বাড়ির রিকশাচালক মোহাম্মদ মঈনউদ্দীনের ছোট মেয়ে। সে বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ ঘরে পড়ার সময় তাকে বিষধর একটি সাপ কামড় দেয়। চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে আসেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। 

১লা সেপ্টেম্বর সকালে জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দীন জানান, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল।