চৌদ্দগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে হেলপার নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে মোহাম্মদ ফাহিম (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভাধীন ফালগুনকরা নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত ফাহিম চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার আদারমানিক গ্রামের আবুল বাশার প্রকাশ জামালের ছেলে। সে দুর্ঘটনাকবলিত ট্রাক্টরের হেলপার ছিল। 

বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো হালচাষ শেষে ট্রাক্টর চালক মোহাম্মদ রাসেল ট্রাক্টর হেলপার ফাহিমকে গাড়িটি পরিষ্কার করতে বলে চৌদ্দগ্রাম বাজারে নিজ মোবাইল মেরামত করতে চলে যান। পরিষ্কার কাজ শেষ হলে গাড়িটি নিজে চালিয়ে মহাসড়কের উপরে উঠাতে গেলে আকস্মিক ট্রাক্টরটি উল্টে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার ও সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।