ইন্টার মিলানে নেইমারের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন ক্লাবটির ক্রীড়া পরিচালক পিয়েরো আউসিলিও। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপে, বিশেষ করে ইতালির সিরি আ-তে নেইমারের ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। তবে ইন্টার কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে—এই ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই।
আউসিলিও ইতালীয় দৈনিক ‘কোরিয়েরে দেলো স্পোর্ট’–কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘নেইমার? এটা সম্পূর্ণ আজগুবি কথা। তাকে নিয়ে ইন্টারে কোনো আলোচনা হয়নি, এমনকি আমাদের কাছে কেউ কোনো প্রস্তাবও দেয়নি। এগুলো নিছক গুজব। মাত্র দেড় মাস হলো মৌসুম শুরু হয়েছে। কেউ যদি ভাবে এখনই ক্লাবগুলো জানুয়ারির ট্রান্সফারের জন্য আলোচনা শুরু করেছে, তবে সেটা নিছক কল্পনা।’
এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন, জানুয়ারির দলবদল উইন্ডোতে নেইমারের মতো বড় কোনো নাম ইন্টার মিলানে আসছে না। বর্তমানে নেইমার খেলছেন তার শৈশবের সান্তোসে খেলছেন। চুক্তি শেষ হতেও বেশি বাকি নেই। সান্তোসে যোগ দেওয়ার পর তৃতীয়বারের মতো তিনি ইনজুরিতে আক্রান্ত হয়ে বর্তমানে মাঠের বাইরে আছেন। নভেম্বরের মধ্যে তার মাঠে ফেরার আশা করছে সান্তোস কর্তৃপক্ষ।
নাপোলির সঙ্গে নেইমারের নাম আগে জড়ালেও ক্লাবটি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তাদের আগ্রহের কথাও শোনা যায়নি। নেইমারের ইউরোপে প্রত্যাবর্তনের সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে তিনি ফ্রি এজেন্ট হিসেবে দলবদলের সুযোগ এবং বেতনসংক্রান্ত আলোচনার উপর। তবে নেইমারের সাম্প্রতিক পারফরম্যান্স ও ফিটনেস নিয়ে অনিশ্চয়তার কারণে কোনো বড় ক্লাব এখনই তাকে প্রস্তাব দিচ্ছে না।
ব্রাজিলের কিংবদন্তি গোলরক্ষক ও ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী এমারসন লেয়াও নেইমারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘নেইমার এখন আর আগের মতো পারফর্মেন্স করতে পারে না। সে জানে ম্যাচ চলাকালীন মাঠে কী করতে হবে, কিন্তু তার শরীর আর সাড়া দেয় না। সে আর আগের মতো অ্যাথলেট নয়। তবে ২০২৬ সালের বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নেইমারের প্রয়োজনীয়তা এখনও আছে।’