এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি! ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতোই ফুটবল মাঠে আলো ছড়াতে শুরু করলেন তার ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। মাত্র ১৫ বছর বয়সে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে প্রথম গোল করেছেন এই কিশোর ফরোয়ার্ড। ২০০৩ সালের ১ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোল করেছিলেন রোনালদো। ২২ বছর পর একই দিনে ছেলেও পেলেন দেশের হয়ে প্রথম গোল।
শুধু তাই নয়, গতকাল রাতে আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন রোনালদো। একই রাতে তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় অনুষ্ঠিত ফেডারেশন্স কাপ টুর্নামেন্টে ওয়েলসের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ম্যাচের প্রথম গোলটি করেন রোনালদো জুনিয়র। ম্যাচের ৪২তম মিনিটে কার্লোস মোইতার নিখুঁত পাস থেকে বাবার মতোই শান্তভাবে ডান পায়ের নিখুঁত শটে বল পাঠিয়ে দেন জালে।
রোনালদো জুনিয়র বর্তমানে সৌদি আরবের আল নাসর একাডেমিতে ফুটবল শিখছেন। সেই ক্লাবের হয়েই তার বাবা এখনো সৌদি প্রো লিগে মাঠ কাঁপাচ্ছেন। রোনালদো জুনিয়র এর আগে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের একাডেমিতেও প্রশিক্ষণ নিয়েছেন। চলতি বছর ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মারকোভিচ টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে দুই গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো জুনিয়র।
১৫ বছর বয়সী রোনালদো জুনিয়রের সামনে এখন দীর্ঘ পথ। বাবা রোনালদো সবসময়ই ছেলের প্রতিভা নিয়ে আশাবাদী, তবে একইসঙ্গে সতর্ক। তিনি বলেছেন, ‘ও ছোটবেলা থেকেই আমার মতো খুব প্রতিদ্বন্দ্বিতা পছন্দ করে। তবে আমি তাকে খুব বেশি চাপ দেই না। কারণ রোনালদোর ছেলে হওয়াটাই ওর জন্য ইতোমধ্যেই বড় চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি শুধু চাই, ও নিজের মতো করে বেড়ে উঠুক।’