সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইরফান পাঠানদের সতীর্থ

ভারতের সাবেক অনূর্ধ্ব-১৫ ক্রিকেটার ও ত্রিপুরা রাজ্য দলের সাবেক অধিনায়ক রাজেশ বণিক এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল শনিবার পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। রাজেশ রেখে গেছেন তাঁর বাবা, মা ও ভাইকে।

রাজেশ বনিকের মৃত্যুতে ভারতের ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। টিসিএ সচিব সুব্রত দে এক বিবৃতিতে বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক খবর। রাজেশ শুধু প্রতিভাবান ক্রিকেটারই ছিলেন না, তিনি অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। আমরা গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করছি।’

ত্রিপুরা সিনিয়র দল বর্তমানে রণজি ট্রফির ম্যাচ খেলছে আগরতলায়। ম্যাচ শুরুর আগে রাজেশের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অনির্বাণ দেব বলেন, ‘তাঁর তরুণ প্রতিভা নির্বাচন করার ক্ষমতার কথা খুব বেশি মানুষ জানে না। সে কারণেই তাঁকে অনূর্ধ্ব-১৬ রাজ্য দলের অন্যতম নির্বাচক করা হয়েছিল।’

১৯৮৪ সালের ১২ ডিসেম্বর জন্ম নেওয়া রাজেশ বনিক ছিলেন ডানহাতি ব্যাটার ও পার্টটাইম লেগ স্পিনার। তিনি ২০০১-০২ মৌসুমে ত্রিপুরার হয়ে রনজি ট্রফিতে অভিষেক হয়। ২০০১ থেকে ২০১৮ পর্যন্ত খেলেছেন ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ, ১৯.৩২ গড়ে করেছেন ১,৪৬৯ রান। এছাড়া ২৪টি লিস্ট-এ ম্যাচে ৩৭৮ রান ও ১৮টি টি-টোয়েন্টিতে করেছেন ২০৩ রান।

২০০০ সালে ভারত অনূর্ধ্ব-১৫ দলে খেলার সময় রাজেশের সতীর্থ ছিলেন ইরফান পাঠান ও অম্বাতি রায়ডুর মতো জাতীয় দলের তারকারা। তিনি ওই বছর কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট এবং ইংল্যান্ড সফরে অংশ নিয়েছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি যুক্ত ছিলেন তৃণমূল ক্রিকেটের সঙ্গে।