কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সরকার বাহাদুর বলে গেলাম, জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করুন। আমি যেখানে যাইয়া দাঁড়াব বলব আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি। জয় বাংলা বলেই আমি আমার জীবন দিতে চাই।
এ সময় তিনি আরও বলেন, আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার চৈতন্য, এখান থেকে কেউ সরাতে পারবে না।
আজ সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমি যুদ্ধ পছন্দ করি, বিশৃঙ্খলা চাই না। আমাদের দেশে এখন বিশৃঙ্খলা চলছে। কতজনের বাড়িঘর ভাঙল, শেষে শুনছি সরকারের সর্বোচ্চ প্রধান তার বাড়িতেও নাকি আক্রমণ হয়। যে লোক নিজেকে রক্ষা করতে পারে না, নিজের বাড়ি রক্ষা করতে পারে না, ১৮ কোটি মানুষের কি করে নিরাপত্তা দেবে?
কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনাকে তাড়াবার ক্ষমতা এই আট-দশটা বাচ্চা ছেলের ছিল না। বিএনপি পারে নাই, জামাত পারে নাই। কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল। আমি বিশ্বাস করি এটা আল্লাহর তরফ থেকে হয়েছিল। ৫ আগস্টে শেখ হাসিনার যখন পতন হয় তারপরে মানুষের মনে ১ নম্বর ছিল ধানের শীষ। এখন তারা কিন্তু পেটের বিষ। শেখ হাসিনার মতো একই কাজ করলে বিএপিকেও মানুষের ভুলে যেতে কষ্ট হবে না। জামায়াত একা নির্বাচন করে যদি ৫টা আসন পায়, আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, আমার রাজনৈতিক শিক্ষা হয় নাই।
অনুষ্ঠানে বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছবুর খান, সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন সজীব, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপুসহ প্রমুখ।