টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থীকে কাদের সিদ্দিকীর সমর্থন 

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি দলের নেতাকর্মীদের ওই প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

কাদের সিদ্দিকী বলেন, বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খান মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়া তার সমর্থকদের বিরুদ্ধে সখীপুরের বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবীবের ওপর হামলার অভিযোগ রয়েছে। গত রমজান মাসে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল করতে না দেওয়ার ঘটনাও তার বিরোধিতার অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘জাতীয় রাজনীতিতে আমরা তারেক রহমানের পক্ষে অবস্থান নিলেও এই আসনে আহমেদ আযম খানের বিরোধিতা করব।’

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাত প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অন্যায়ের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও স্বাধীনতাকে পূর্ণভাবে স্বীকার না করলে স্বাধীনতাবিরোধী শক্তির পক্ষে অবস্থান নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতাকে বুকে নিয়ে কবরে যেতে চাই।’

তিনি আরও জানান, সংসদে মুক্তিযুদ্ধের কথা বলার জন্যই বড় ভাই লতিফ সিদ্দিকীকে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচনে দাঁড়াতে অনুরোধ করেছেন এবং সেখানে দলীয়ভাবে সমর্থন দিয়েছেন।

কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুর রহমান, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ দলীয়ভাবে অংশ নিচ্ছে না। সম্প্রতি দলের একজন স্থানীয় নেতা বিএনপি প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত