ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের মোকাবিলায় ব্যর্থ হয়েছে ইউনূস সরকার— এমন অভিযোগ তুলে কুমিল্লায় অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী আট দল। তারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের এমন দুঃসাহস বাংলার আপামর জনতা মেনে নেবে না।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউন হলের মুক্তমঞ্চে ‘ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে অবস্থান কর্মসূচি’ পালন করে ইসলামী ৮ দল।
কর্মসূচিতে নেতারা বলেন, তারা নির্বাচন চান, তবে জুলাই সনদ ও গণভোট ছাড়া কোনও নির্বাচনে অংশ নেবেন না। আমাদের ছেলেমেয়েদের রক্তের সঙ্গে বেইমানি করে জুলাই সনদ ও গণভোট ছাড়া নির্বাচনে যাওয়া সম্ভব নয়, বলেন নেতারা। বাংলাদেশের জনগণও এটি মেনে নেবে না।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি এম এম বিল্লাল হোসাইন, খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন ও সহকারী সেক্রেটারি কাউন্সিল সদস্য মোশারফ হোসাইন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান। এ সময় বক্তব্য দেন খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সহসভাপতি মাওলানা আমীর হামজা, সেক্রেটারি মাওলানা ইলিয়াস বিন হাসেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, ছাত্রশিবির কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ আট ইসলামী দলের অন্যান্য নেতারা।