কুমিল্লায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, আটক ১

কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতী নদীর চরে মোহাম্মদ মাইনুদ্দিন (১৭) নামের এক অটোরিকশাচালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার ভান্তি এলাকা সংলগ্ন চরে এ ঘটনা ঘটে।

নিহত মাইনুদ্দিন দেবীদ্বার উপজেলার ধামতি গ্রামের মোহাম্মদ মোখলেস উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, উপজেলার ভান্তি চর এলাকায় কৃষকেরা মরদেহটি পড়ে থাকতে দেখে আমরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে। 

বুড়িচং থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-অটোরিকশার ব্যাটারি ছিনতাইয়ের উদ্দেশ্যে রাতে কিশোর চালককে হত্যা করা হয়েছে। পরে মরদেহটি কাপড় দিয়ে পেঁচিয়ে নদীর চরে ফেলে রাখা হয়। 

তিনি আরও জানান, ঘটনাটি জানার পর পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক নামে একজনকে আটক করেছে। তার কাছ থেকে চুরি হওয়া অটোরিকশার পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মাইনুদ্দিনের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।