পার্থের মতো ব্রিসবেনেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্ট ৮ উইকেটে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্টিভেন স্মিথের দল। ব্রিসবেন টেস্ট শেষ হয়ে গেল চার দিনের কম সময়ে। জয়ের জন্য মাত্র ৬৫ রানের টার্গেট ১০ ওভারে পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।
গতকাল ১২৮ রানেই ৬ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। আজ রবিবার ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনটা ৬ উইকেটে ১৩৪ রান নিয়ে শুরু করে ইংল্যান্ড। তখনো ইনিংস হার এড়াতে তাদের প্রয়োজন ছিল ৪৩ রান। এমন সমীকরণে দাঁড়িয়ে আক্রমণাত্মক ক্রিকেট থেকে সরে আসতে তারা বাধ্য হয়। সপ্তম উইকেট জুটিতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও উইল জ্যাকসের দৃঢ়তায় আজ প্রথম সেশনে তারা কোনো উইকেট হারায়নি।
২২১ বল স্থায়ী এই জুটিতে আসে ৯৬ রান। স্টোকস ১৫২ বলে ৫০ এবং উইল জ্যাকস ৯২ বলে ৪১ রান করেন। জুটির অবসানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ৭৫.২ ওভারে তারা গুটিয়ে যায় ২৪১ রানে। মাইকেল নেসের নেন ৪২ রানে ৫ উইকেট। আর প্রথম ইনিংসের নায়ক মিচেল স্টার্কের শিকার দুটি। আরেক পেসার স্কট বোল্যান্ডও দুই উইকেট নেন। এতে অজিদের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় মাত্র ৬৫ রানের।
অস্ট্রেলিয়ার দুর্ধর্ষ ব্যাটিং লাইআপের সামনে এই টার্গেট শিশুসুলভই বটে। উদ্বোধনী জুটিতে একপর্যায়ে ১০ উইকেটে জয়ের সম্ভাবনাও দেখা যাচ্ছিল। তবে ৩৭ রানেই ভাঙে উদ্বোধনী জুটি। ট্রাভিস হেড ২২ বলে ২২ রান করে আউট হন। অ্যাটকিনসনের শিকার হওয়ার আগে মার্নাস লাবুশেন করেন ৩ রান। আরেক ওপেনার জেক ওয়েদারল্যান্ড ১৭ রানে অপরাজিত থাকেন। ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ অপরাজিত থাকেন ৯ বলে ২ চার ২ ছক্কায় ২৩ রানে।