অ্যাশেজের তৃতীয় দিনেও স্নিকোমিটার বিতর্ক; রেগে আগুন বেন স্টোকস

অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে স্নিকোমিটার বিতর্ক যেন কিছুতেই থামছে না। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও একটি আউটের সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মাঠেই ক্ষোভ প্রকাশ করেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। দুটি ঘটনাতেই সিদ্ধান্ত গেছে ইংল্যান্ডের বিপক্ষে, ফলে ম্যাচের উত্তেজনা আরও বেড়েছে। ইংল্যান্ড দিন শেষ করেছে ৮ উইকেটে ২১৩ রান নিয়ে। তারা এখনো পিছিয়ে ১৫৮ রানে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বলে জেমি স্মিথের একটি আউটের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের শুরু। স্মিথ কামিন্সকে পুল করতে গেলে বল তার ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। আম্পায়ার নিতিন মেনন বিষয়টি নিশ্চিত হতে তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, ব্যাট ও বলের মধ্যে ফাঁক আছে। কিন্তু স্নিকোমিটারে দেখা যায়, ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় গ্রাফে কম্পন ধরা পড়ছে!

নিয়মানুযায়ী, তৃতীয় আম্পায়ার ক্রিস গ্যাফানি স্মিথকে আউট দেন। এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন বেন স্টোকস। মাঠেই তিনি প্রতিবাদ জানান। মাথা নাড়তে নাড়তে ড্রেসিংরুমে ফেরেন স্মিথও। ধারাভাষ্যকাররা জানান, রিপ্লে দেখেও স্পষ্ট কিছু বোঝার উপায় নেই। তবে ছবি এবং শব্দের পার্থক্য নিয়েও তারা প্রশ্ন তোলেন। এমনকি স্টাম্প মাইকে অজি পেসার মিচেল স্টার্ককে বলতে শোনা যায়, ‘স্নিকোমিটারই তুলে দেওয়া উচিত। এটা সবচেয়ে বাজে প্রযুক্তি!’

এদিকে দ্বিতীয় দিনে দুটি উল্লেখযোগ্য রেকর্ড হয়েছে। অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়া দলে ফিরে জো রুটকে আউট করেন প্যাট কামিন্স। টেস্ট ক্রিকেটে এই নিয়ে তিনি ১২ বার রুটকে আউট করলেন। এই সংখ্যায় ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহকে ছাড়িয়ে গেলেন এই পেস তারকা। অন্যদিকে অ্যাডিলেডে একাদশে ফিরে নাথান লায়ন টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেছেন। তার উইকেটসংখ্যা এখন ৫৬৪।

আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৩৭১ রানে। ব্রিসবেনের মতো অ্যাডিলেডেও ব্যাট হাতে সফল ছিলেন মিচেল স্টার্ক। তিনি ৭৫ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। ইংলিশ পেসার জোফরা আর্চারকে টানা চারটি বাউন্ডারিও মেরেছেন তিনি! সহজেই রান উঠতে থাকায় আর্চারের ওপর ক্ষুব্ধ হন বেন স্টোকস। দুই ইংলিশ ক্রিকেটারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কিছুক্ষণ পরই আর্চার স্টার্ককে আউট করলে স্টোকস তার সঙ্গে উদযাপনে মেতে ওঠেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। শুরুতেই জ্যাক ক্রলি (৯) ও অলি পোপ (৩) আউট হন। বেন ডাকেট (২৯) ও জো রুট (১৯) বেশিক্ষণ টিকতে পারেননি। কিছুটা লড়াই করেন হ্যারি ব্রুক (৪৫)। তিনি আউট হওয়ার পর ইংল্যান্ডের ব্যাটিংয়ের ধরন বদলে যায়। আগ্রাসী ‘বাজবল’ ছেড়ে তারা সনাতনী টেস্ট মেজাজে খেলতে শুরু করে। দিনশেষে বেন স্টোকস ১৫১ বল খেলে ৪৫ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী আর্চারের সংগ্রহ ৩০* রান।