আইসিসি র‌্যাঙ্কিংয়ে একধাপ এগোলোন মোস্তাফিজুর রহমান

যে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে গত তিন সপ্তাহ ধরে তোলপাড় চলছে, সেসব নিয়ে তিনি চুপ। মিডিয়ায় একটা কথাও বলেননি। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না, তাই লম্বা ছুটিতে আছেন সবাই। এর মাঝেই র‌্যাঙ্কিংয়ে উন্নতির খবর এলো মোস্তাফিজের জন্য।

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজুর রহমানের উন্নতি হয়েছে। তিনি একধাপ এগিয়ে এখন সাত নম্বরে অবস্থান করছেন। মোস্তাফিজের রেটিং পয়েন্ট এখন ৬৬৫। সেরা দশে আর কোনো বাংলাদেশি বোলার নেই। মোস্তাফিজের পর ১৪ নম্বরে আছেন শেখ মেহেদী হাসান (৬৩৪) এবং ১৭ নম্বরে আছেন রিশাদ হোসেন (৬১৯)।

বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি স্থানে কোন পরিবর্তন হয়নি। ৭৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী। এরপর আছেন যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান (৭৩৭), শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৭০২) এবং নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি (৬৯১)। একধাপ এগিয়ে সেরা পাঁচে এসেছেন পাকিস্তানের আবরার আহমেদ।