মক্কায় হজযাত্রীদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সৌদি সরকার।
সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে দেশটির পর্যটন মন্ত্রণালয় দক্ষ ট্যুর গাইড বা ভ্রমণ নির্দেশক তৈরির মাধ্যমে রাসুল (সা.)-এর স্মৃতিবিজড়িত এবং ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে জীবন্ত শিক্ষার মাধ্যম হিসেবে হাজিদের সামনে তুলে ধরছে।
মূলত ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে এই পবিত্র স্থানগুলোর সঠিক ইতিহাস ও গুরুত্ব বিশ্ববাসীর কাছে নিখুঁতভাবে পৌঁছাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রক্রিয়ায় ইসলামের ইতিহাসের সাথে সংশ্লিষ্ট প্রতিটি স্থানকে কেবল দেখার বিষয় হিসেবে নয়, বরং সেগুলোর গভীর তাৎপর্য পাণ্ডিত্যপূর্ণ বর্ণনার মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছে।
সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য অনুযায়ী হজ ও ওমরাহ সেবার মানোন্নয়ন এবং সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক তথ্যের মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচিগুলো গাইডদের বিষয়ভিত্তিক গভীর জ্ঞান অর্জন, উন্নত যোগাযোগ দক্ষতা এবং দর্শকদের সাথে কার্যকরভাবে ভাব বিনিময়ের সক্ষমতা বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখছে।
এই ক্ষেত্রে পর্যটন মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ উদ্যোগগুলো গাইডদের পেশাদারিত্ব বাড়াতে বিশেষভাবে সহায়ক হচ্ছে। এর ফলে পর্যটন গাইডরা মক্কার আধ্যাত্মিক গুরুত্ব এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বের দরবারে ইতিবাচকভাবে উপস্থাপন করছেন, যা ইসলামি বিশ্বে মক্কার মর্যাদাকে আরও উজ্জ্বল করে তুলছে।