মানিকগঞ্জে ২য় পদ্মা সেতু নির্মাণ করা হবে: পর্যটন মন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর ভাঙন প্রতিরোধে বরাইদের ছনকা এলাকায় অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

মন্ত্রী বলেন, সম্প্রতি দৌলতদিয়া ঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস তীরে ওঠার সময় নদীতে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানিকগঞ্জে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সহযোগিতা করবেন। এছাড়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াত সহজ করতে সেতু নির্মাণের আগে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে।

তিনি আরও বলেন, নদীভাঙন প্রতিরোধে ইতোমধ্যে জিও ব্যাগ ফেলা হয়েছে এবং পর্যায়ক্রমে মানিকগঞ্জের সব নদী রক্ষায় কাজ শুরু হবে। সব কাজ একদিনে সম্ভব নয়, ধীরে ধীরে এগুলো বাস্তবায়ন করা হবে।

পরে ছনকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন। মাত্র দুই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক উন্নয়নমূলক কাজ শুরু করেছেন—খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমামদের সম্মানী প্রদান এর মধ্যে উল্লেখযোগ্য। এসব কর্মসূচির পরিধি ধীরে ধীরে বাড়বে।’

তিনি বলেন, খাল খননের মাধ্যমে কৃষকরা বিনামূল্যে সেচ সুবিধা পাবেন, যা কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

সামনে স্থানীয় নির্বাচন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মেম্বার ও চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী নির্বাচন করুন, যারা জনগণের পাশে থাকবে। আমি সবসময় সময় দিতে পারব না, তাই আপনাদের স্থানীয় জনপ্রতিনিধিরাই আপনাদের পাশে দাঁড়াবে।’

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা নিয়ে কোনো ধরনের দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে সব বিভেদ পরিহার করতে হবে।’

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন এবং সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নদীভাঙন প্রতিরোধের এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪২ লাখ টাকা। ৮০ মিটার দৈর্ঘ্যের নদী রক্ষা বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত