চট্টগ্রাম 

বাঁশখালীতে নেশাগ্রস্ত অবস্থায় আটক ৪ জনের কারাদণ্ড

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বড় মাদ্রাসা সড়কসংলগ্ন এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় আটক চার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন এ দণ্ডাদেশ প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন—নুরুল আলম (৪০), সুমন দাস (২২), দুর্জয় জলদাস (২৬) এবং মিল্টন কান্তি দত্ত (২০)। এর মধ্যে নুরুল আলমকে ৪ মাসের, সুমন দাসকে ৩ মাসের এবং দুর্জয় জলদাস ও মিল্টন কান্তি দত্তকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ছিল। পাশাপাশি তারা অন্যান্য মাদকসেবীদের জন্য নেশাজাতীয় দ্রব্য সংগ্রহ ও কিনে দেওয়ার কাজেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় জনতা তাদের নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে আটক করে পুলিশ ও প্রশাসনকে অবহিত করলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। পরে আদালত অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ প্রদান করেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও নেশাসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।