কুষ্টিয়ায় গড়াই নদে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২০ মে ২০২৬, ০৮:৫৪ পিএম

কুষ্টিয়ায় গড়াই নদে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম

(১৭) এবং মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)। তারা দুজনই সহপাঠী এবং হাটশ হরিপুর দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের শিক্ষার্থী হিসেবে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বুধবার কুষ্টিয়া সরকারী বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত সর্বশেষ জীববিদ্যা পরীক্ষা দিয়ে বেড়িয়ে বাড়ি ফেরার পথে তীব্র গরমে প্রশান্তি পেতে দুই বন্ধু হরিপুর সংযোগ সেতু পার হয়ে হরিপুর গড়াই নদের বামতীরে গোসল করতে নামেন। কিন্তু ঘটনাস্থলে গভীর পানিতে তলিয়ে যান তারা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তাদের মরদেহ স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, খবর পেয়ে আমাদের একটা উদ্ধারকারী টিম ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত