সিরাজগঞ্জের কড্ডায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ির অতিরিক্ত চাপ ও কয়েকটি দূরপাল্লার গাড়ি বিকল হওয়া এবং দুর্ঘটনার কারণে ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীরা।
শনিবার (৬ জুন) ভোর থেকে শুরু হওয়া যানজট এখনো অব্যাহত আছে, যার ফলে মহাসড়কের প্রায় ৫ থেকে ৮ কিলোমিটার এলাকা জুড়ে গাড়ি থমকে যায়। তাছাড়া ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত চাপে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
যানজটের ফলে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রী ও যানবাহনচালকরা। বিশেষত গার্মেন্টস শ্রমিকরা সঠিক সময়ে কর্মস্থলে ফিরতে না পারায় বিপাকে পড়ছেন।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ, রাতে বৃষ্টি, সেতুর ওপর দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।