বিয়ে বাড়িতে রোস্ট চাওয়া নিয়ে সংঘর্ষ

আপডেট : ০৬ জুন ২০২৬, ১২:২৭ পিএম

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) মোহন ও বিথী আক্তারের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)।

স্থানীয় সূত্র জানায়, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় ছেলে পক্ষের আলম প্যাদা খাবার পরিবেশনকারী কনের চাচা রাসেল মোল্লার কাছে অতিরিক্ত মুরগির রোস্ট চান। এ বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপক্ষের সংঘর্ষে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

কনের মামা বাবলু আকন বলেন, আলম প্যাদা রোস্ট চাওয়ার পর কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তিনি হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ওই ঘটনা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত