দীর্ঘদিন ধরেই নানান শারীরিক সমস্যায় ভুগছেন অভিনেতা কাজী উজ্জ্বল। বর্তমানে ঠিকমতো কথাও বলতে পারছেন না। বলা চলে, একপ্রকার নির্বিকার হয়ে ঘরের চার দেয়ালে বন্দী হয়ে আছেন তিনি।
এরইমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে ভিডিও বার্তা পাঠিয়েছেন এই অভিনেতা। তিনি সেখানে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সঙ্গে ঐতিহাসিক খাল কাটা কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে দাবি করেন। এরপর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ১০০টি গাছ উপহার চান। ভিডিওতে কথা বলতে গিয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন তিনি।
কাজী উজ্জ্বল ভিডিওতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, ‘আমি কোনো শিল্পী হিসেবে আপনাকে কিছু বলছি না। এটা আমার দাবি। আপনার বাবার সঙ্গে ‘৭৯-তে আমি খাল কেটেছি। তখন আমি স্কুলের ছাত্র। সেই দাবি নিয়ে বলছি। আমি বাংলাদেশে প্রায় সব নায়কের বাবার চরিত্রে অভিনয় করেছি। আমি আজ এক বছর ধরে অসুস্থ।’
মৃত্যুর পূর্বে আমি কোনো সাহায্য চাই না। আমার মনে একটাই আশা, আমাকে ১০০টি হাইব্রিড জাতের নারিকেল গাছের ব্যবস্থা করে দেবেন। জনগণের জন্য। মরার আগে আমি ১০০টি গাছ লাগাতে চাই। পৃথিবীর কাছে ঋণ শোধ করব।’
কাজী উজ্জ্বলের এই ভিডিও বার্তা বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার প্রশংসা করছেন প্রধানমন্ত্রীর কাছে টাকা চেয়ে হাত না পেতে জনগণের কল্যাণে, পৃথিবীর কল্যাণে গাছ চেয়েছেন তিনি।