মিরসরাইয়ে ট্রাকের চাপায় মো. মজিবুল হক (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৬ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মজিবুল হক উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের মৃত আব্দুল হকের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছিলেন মজিবুল হক। রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা বেপরোয়া গতির গাড়ি ধাক্কা দিলে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়েন। উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, বড়তাকিয়া এলাকায় অজ্ঞাতনামা গাড়ি ধাক্কায় মজিবুল হক নামে এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের অনুরোধে মরদেহের ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। এ বিষয়ে আইনিগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে
